স্টাফ রিপোর্টার
গাজীপুর মহানগরীতে দড়ি দিয়ে প্রবেশপথ বন্ধ রেখে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি পেট্রোল পাম্প সিলগালা করা হয়েছে। একই সাথে প্রায় ৩৪ হাজার লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ এবং পাম্পের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) রাতে মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও যৌথ বাহিনী সমন্বিতভাবে এই অভিযান চালায়।
শুরুতে রাত ৮টার দিকে যৌথ বাহিনীর একটি দল পাম্পটিতে অভিযান চালায়। অভিযানের বিষয়ে মেজর শরিফুল আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমরা ওই পাম্পে গিয়ে দেখি প্রবেশপথে দড়ি দিয়ে বাঁধা রয়েছে। অন্যান্য পাম্পে যেমন ভিড় দেখা যায়, এই পাম্পে আমরা তেমন ভিড় দেখতে পাইনি। পরে অভিযান চালিয়ে মজুত অবস্থায় বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করি।
পরে জেলা এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে সেখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।

0 মন্তব্যসমূহ