স্পোর্টস ডেস্ক রিপোর্ট
মৌসুমে সময়টা একদমই ভালো কাটছে না রন্দাল কোলো মুয়ানির। টটেনহ্যাম হটস্পারের জার্সিতে চলতি মৌসুমে কেবল পাঁচটি গোল করতে পেরেছেন তিনি। জাতীয় দলের হয়েও তার পারফরম্যান্স আশানুরূপ নয়। তবে, বিশ্বকাপের কয়েক মাস বাকি থাকতে তাকে আরেকটি সুযোগ দিলেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম।
বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিপর্বে চলতি মাসের শেষ সপ্তাহে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ফরাসিরা। এজন্য বৃহস্পতিবার স্কোয়াড ঘোষণা করেছেন দেশম।
প্রত্যাশিতভাবেই ফিরেছেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন উসমান দেম্বেলে। চোটের কারণে গত বছরে দেশের শেষ পাঁচটি মাচে খেলতে পারেননি পিএসজি তারকা। আছেন কিলিয়ান এমবাপেও; গত নভেম্বরে শেষ ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে খেলেননি তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার রাতে চেলসির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান পিএসজির ব্র্যাডলি বারকোলো। দুই লেগ মিলিয়ে ৮-২ গোলে জিতে প্রতিযোগিতাটির কোয়ার্টার-ফাইনালে ওঠে ফরাসি চ্যাম্পিয়নরা।
ওই চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন বারকোলা। মূলত এই উইঙ্গারের অনুপিস্থিতির কারণেই কোলো মুয়ানির দিকে নজর দিয়েছেন দেশম। জাতীয় দলের হয়ে ৩১ ম্যাচে ৯ গোল করা কোলো মুয়ানি সবশেষ দেশের হয়ে খেলেছেন গত জুনে, উয়েফা নেশন্স লিগে জার্মানির বিপক্ষে।
আগামী ১১ জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আসর চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে খেলোয়াড়দের যাচাই করার এটাই দেশমের সামনে শেষ সুযোগ। বৈশ্বিক আসরের জন্য আগামী ১৩ মে স্কোয়াড ঘোষণা করবেন তিনি।
আগামী ২৬ মার্চ বস্টনে ব্রাজিলের মুখোমুখি হবে ফ্রান্স। তিন দিন পর ওয়াশিংটনে কলম্বিয়ার বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।

0 Comments