স্টাফ রিপোর্টার
জামালপুরে পাম্পে তেল বিক্রি হওয়ার কথা ফেসবুকে ছড়িয়ে পড়লে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার (৬ এপ্রিল) সকালে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে ইসলামপুর মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। পরে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি।
এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমাণ চালকরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে। পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী জানান, ফেসবুক পোষ্ট থেকেই এমন ভুল বোঝাবুঝি। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

0 মন্তব্যসমূহ