স্টাফ রিপোর্টার
গাজীপুরে পৃথক অভিযানে তিন প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ওই সব প্রতিষ্ঠানকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি, অতিরিক্ত মজুত করায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসন অভিযান চালিয়ে এসব জরিমানা করে। গাজীপুর মহানগর সদর মেট্রো থানার বিলাশপুর, দেশীপাড়া ও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়ায় পৃথকভাবে এসব অভিযান পরিচালিত হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামত সড়কের গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি জননী এন্টারপ্রাইজে অভিযান চালায়। ওই প্রতিষ্ঠানে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার মজুত রাখা এবং বেশি দামি বিক্রির প্রমাণ পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দেশীপাড়া এলাকার গ্যাস সিলিন্ডার ডিস্ট্রিবিউশন কোম্পানি খাজা গরিবে নেওয়াজ স্টিল বিতানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানে প্রায় ১৫ হাজার সিলিন্ডার অবৈধভাবে মজুত রাখার দায়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের ভুরুলিয়া এলাকার একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে অবস্থিত (বিআরআরআই) আর্মি ক্যাম্পের (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা, পুলিশ এবং আনসার ও ভিডিপি বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ দণ্ড দেন।
গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, ভোক্তা অধিকার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ